৩৬৫ দিন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহের মধ্যেই ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং বা মহাকরণ সংস্কারের কাজ শুরু করলো আদানি গোষ্ঠী। গত বৃহস্পতিবার নিউটাউনে আদানি গোষ্ঠীর বিনিয়োগে আদানি আরোগ্য মন্দিরের ভূমি পূজো অনুষ্ঠানের মঞ্চেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক মউ চুক্তি স্বাক্ষর হয়েছিল আদানি গোষ্ঠীর। আগামী মাসেই মহাকরণে মুখ্যমন্ত্রীর দপ্তর সহ রাজ্যের অন্তত ছয় দফতরের মন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হবে বলে জানা গিয়েছে আগেই।
এর পাশাপাশি চলবে মহাকরণ সংস্কারের কাজ। গত সপ্তাহেই রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে মহাকরণের বিভিন্ন জায়গা পরিদর্শন করার পরে জানিয়েছিলেন, আপাতত মহাকরণের দুতলায় মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার পাঁচ সদস্যের বসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের জন্য বরাদ্দ থাকছে মোট তিনটি ঘর। এর মধ্যে একটি ঘরে বসবেন মুখ্যমন্ত্রী। বাকি দু’টি ঘর তাঁর নিরাপত্তারক্ষী এবং সঙ্গে থাকা অন্যান্য আধিকারিকদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই ভবনে বসবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার । মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজির জন্যও আলাদা ঘরের ব্যবস্থা করা হচ্ছে।
আদানি গোষ্ঠী সূত্রে জানা গিয়েছে সংস্থার কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি বা সিএসআর প্রকল্পের অধীনে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে ১৭৭৭ সালে তৈরি হওয়া রাইটার্স বিল্ডিং এর পুরনো চেহারা অক্ষত রেখে অত্যাধুনিক সংস্কার কাজ সম্পন্ন করবে আদানি গোষ্ঠী। আজ আদানি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে লাল ইঁটের ভিক্টোরিয়ান স্থাপত্য কায়দায় তৈরি রাইটার্স বিল্ডিংকে তার পুরনো গৌরব পেরিয়ে দেওয়ার জন্য নিজেদের নিয়োজিত করবে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই রাজ্য পূর্ত দপ্তরের পরামর্শে বিগত তৃণমূল সরকারের আমলে মহাকরণ সংস্কারের কাজ করার সময় ঐতিহ্যবাহী মহাকরণের বিভিন্ন জায়গা থেকে ইউরোপীয় টাইলস তুলে ফেলে যে সমস্ত জায়গায় মার্বেল বসানো হয়েছিল সেগুলিতে ভিক্টোরিয়ান স্থাপত্যের কায়দায় ইউরোপীয় টাইলস পুনরায় বসানোর সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী।
রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরেই রাইটার্স বিল্ডিং সংস্কারের কাজ শুরু করলো আদানি গোষ্ঠী





