৩৬৫ দিন।বিশ্বজিৎ ব্যানার্জি।সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে শান্তিপুর থেকে পাইকারি হারে রেডিমেড জামাকাপড় কিনে প্রতারিত হওয়ার অভিযোগ তুললেন কলকাতার এক ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম রাহুল কর্মকার, তিনি কলকাতার বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। শান্তিপুরের গোবিন্দপুরের ‘গিরিধারী ইতিকা রেডিমেড শাড়ি সেন্টার’-এর কর্ণধার ইন্দ্রজিৎ দাসের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রের খবর, ফেসবুকে আকর্ষণীয় ভিডিও দেখে গত ৫ সেপ্টেম্বর শান্তিপুরে এসে প্রায় ৮,৮০০ টাকার পোশাক কেনেন রাহুলবাবু। কিন্তু বাড়িতে পার্সেল খুলে তিনি দেখেন, অধিকাংশ জামাকাপড়ের মাপে মারাত্মক গরমিল রয়েছে এবং পোশাকগুলি ত্রুটিপূর্ণ। বিষয়টি নিয়ে তিনি দোকানে যোগাযোগ করে মালপত্র পাল্টে দেওয়া অথবা টাকা ফেরতের অনুরোধ জানান। কিন্তু অভিযোগ, ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাস সাফ জানিয়ে দেন তিন মাসের আগে কোনো মাল ফেরত নেওয়া হবে না। এমনকি কলকাতার বাসিন্দা বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রাহুলের। দুর্গাপুজোর মুখে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে অবশেষে তিনি থানার দ্বারস্থ হন।
যদিও প্রতারণার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাস। তাঁর দাবি, তাঁদের দোকানের নিয়ম অনুসারেই তিন মাস পর রিটার্ন নেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে রাহুলের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শান্তিপুরে রেডিমেড পোশাক কিনে প্রতারণার শিকার কলকাতার ব্যবসায়ী, থানায় অভিযোগ দায়ের




