হঠাৎ লোডশেডিংয়ে ‘অন্ধকার’ জয়সওয়াল হাসপাতাল, বিপাকে রোগীরা

৩৬৫ দিন। সুমন আদক। আচমকা বিদ্যুৎ বিভ্রাটে শনিবার সন্ধ্যায় চরম সমস্যায় পড়তে হয় হাওড়ার ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালের রোগী, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়দের। সন্ধ্যা ছ’টা নাগাদ লোডশেডিংয়ের জেরে হাসপাতালের ইমার্জেন্সি-সহ একাধিক অংশ অন্ধকারে ডুবে যায়। বন্ধ হয়ে যায় লিফটও। অভিযোগ, মোমবাতি ও মোবাইলের আলোয় পরিস্থিতি সামাল দিতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের নিজস্ব জেনারেটরটি বিকল। ঘটনার পর রবিবার বিকল্প ব্যবস্থা হিসেবে ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন জেনারেটর ভ্যান হাসপাতালে আনা হয়েছে। এই বিষয়ে রোগীর আত্মীয়া শিখা দাস বলেন, “অনেকক্ষণ লাইট নেই। পুরো চারিদিক ঘুটঘুটে অন্ধকার করছে। এগুলো প্রশাসনের দেখা দরকার। বিশেষ করে মানুষ হাসপাতালে অসুস্থ হয়ে এখানে আসে সুস্থ হওয়ার জন্য, সেখানে যদি এরকম অন্ধকার থাকে তাহলে কি করে হবে ? জেনারেটরের ব্যবস্থা করা আগেই উচিত ছিল। আমার ননদ মারা গেছেন। ট্রিটমেন্ট ভালো হয়েছে। কিন্তু এতক্ষণ লাইট ছিল না। তার কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।”

Scroll to Top