৩৬৫ দিন। যে কোনো মূল্যে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতেই হবে। তার জন্য সংসদের বিশেষ অধিবেশনে সরকার পক্ষের আনা ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে ভোট দিন। এমন আবেদন জানিয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের কাছে ছুটে গেলেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অভিষেক ও এম এ বেবির মত সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের শীর্ষ নেতারা।
আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়ার সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের শাসকদল বিজেপির আনা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরে মতপার্থক্য স্পষ্ট হয়ে গিয়েছিল গতকাল রাহুল গান্ধীর ডাকা জোটের বৈঠকে ডিএমকে এবং শরদ পাওয়ারের এন সি পি অনুপস্থিত থাকায়। বিরোধী জোট ইন্ডিয়ার দুই গুরুত্বপূর্ণ শরিক শরদ পাওয়ার ও এম কে স্ট্যালিন কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। জোটের দুই গুরুত্বপূর্ণ শরিকের অনুপস্থিতি চোখে পড়ার পরেই জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে দিল্লিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় কংগ্রেস নেতৃত্ব। মমতা দিল্লিতে পৌঁছানোর পরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশাপাশি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মধ্যে আলোচনার পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক ডিএমকে এবং এনসিপি (শরদ পওয়ার)-এর অবস্থান বদলাতে আজই চেন্নাই ও মুম্বইয়ের উদ্দেশে ম্যারাথন সফরে রওনা দিলেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। ভারতীয় রাজনীতিতে সম্পূর্ণ নজিরবিহীন ভাবে আজ দিল্লি থেকে দুই বিশেষ বিমান ভাড়া করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। যেখানে তাৎপর্যপূর্ণভাবে একটি বিমানে সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির পাশাপাশি অন্য বিমানে দেশের কংগ্রেস শাসিত রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে রওনা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই হাই-ভোল্টেজ প্রতিনিধিদলে রয়েছেন সমাজবাদী পার্টির রাজীব রাই, আরজেডি নেত্রী মিসা ভারতী, ইটি মহম্মদ বশির এবং কপিল সিব্বলও। প্রসঙ্গত আগামীকাল অর্থাৎ ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। সেখানেই ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। এই বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ফলে ডিএমকে-র ২২ জন লোকসভা সাংসদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্ট্যালিনের বাসভবনে শুরু বৈঠক
ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা চেন্নাই পৌঁছে প্রথমে ট্রাইডেন্ট হোটেলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পৌঁছে যান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে শুরু হয়েছে বৈঠক।
বিল পাস আটকাতে মরিয়া ইন্ডিয়া
এই বিলকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। চেন্নাই রওনা হওয়ার আগে দীর্ঘদিন ধরেই ইন্ডিয়া জোটের শরিক থাকা সত্ত্বেও হঠাৎ করে কেন্দ্রের শাসকদলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া স্ট্যালিনকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রাহুল গান্ধী লেখেন, ইন্ডিয়া জোটের প্রবীণ নেতাদের সঙ্গে আমি চেন্নাই যাচ্ছি। তিরু এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করে তাঁকে ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার অনুরোধ জানাব। ৮৫০টি আসনে সম্প্রসারণ ভারতের গণতন্ত্রকে শেষ করে দেবে। বিজেপি আরএসএসকে নিজেদের সুবিধামতো ভারতের সম্পূর্ণ নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর সীমাহীন সুযোগ করে দেবে এই বিল। স্ট্যালিন ভাই বরাবরই তামিলবিরোধী শক্তির বিরুদ্ধে পাথরের মতো দৃঢ় থেকেছেন। জাতীয় স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থে এবং সংবিধান রক্ষার জন্য আমাদের একসঙ্গে এই বিলকে পরাস্ত করতে হবে।
কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লেখেন, তামিলনাড়ু ও তামিল জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ডিএমকে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থান থেকে তাঁরা সরবেন না। বরং ইতিহাস তাঁদের কট্টবোম্মান হিসেবে মনে রাখবে, এট্টাপ্পান হিসেবে নয়।
কট্টবোম্মান ও এট্টাপ্পান শব্দের তাৎপর্য
কট্টবোম্মান ও এট্টাপ্পান – এই দুই ঐতিহাসিক চরিত্র তামিলনাড়ু তথা দক্ষিণ ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কট্টবোম্মান ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা এক সাহসী তামিল শাসক। অন্য দিকে, এট্টাপ্পান লোককথায় পরিচিত এক বিশ্বাসঘাতক হিসেবে, যিনি কট্টবোম্মানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সাহায্য করেছিলেন।
ইন্ডিয়া জোটের নেতাদের পরের গন্তব্য মুম্বই
চেন্নাইয়ের বৈঠক সেরে আজ সন্ধ্যায় মুম্বই উড়ে যাবেন বিরোধী নেতারা। সেখানে এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। গত তিন দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই নেতা। রাত সাড়ে ৮টা নাগাদ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসার কথা রাহুল, সোনিয়া, মমতা ও খাড়গের।






