পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু-তে আসছে লক্ষ্য ও ডালিয়া নামের চিতা দম্পতি, ঘোষণা বনমন্ত্রীর

৩৬৫ দিন। সুন্দরবন এবং বক্সার পরে পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে তৃতীয় অভয়ারণ্য। পুরুলিয়া থেকে শুরু করে ঝাড় গ্রাম পর্যন্ত বিস্তৃত জঙ্গলমহলের বিশাল এলাকা নিয়ে তৈরি হতে চলেছে এই অভয়ারণ্য। আগামী দু-তিন মাসের মধ্যেই অভয়ারণ্য তৈরীর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। তবে তার আগেই চলতি বছরের শীতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে পুরুলিয়ার সুরুলিয়ায় মিনি জু-তে আনা হচ্ছে এক চিতা দম্পতিকে।
পুরুলিয়া স্টেশন থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সুরুলিয়া মিনি চিড়িয়াখানা তৈরি হয়েছিল ১৯৯৮ সালে। দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দর্শনীয় প্রাণীর সংখ্যা কমতে কমতে পর্যটকরা আগ্রহ হারিয়েছিলেন এই চিড়িয়াখানার প্রতি। ‌সম্প্রতি পুরুলিয়া সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অভয়ারণ্য তৈরীর জন্য জায়গা পরিদর্শন করতে গিয়ে রাজের বনমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরের শীতেই পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের জীবজন্তু আনা হবে সুরুলিয়া চিড়িয়াখানায়। প্রায় ৬০ হেক্টর এলাকা ঘিরে সাজতে চলেছে পূর্ণাঙ্গ চিড়িয়াখানা। জানা গিয়েছে,
পুরুলিয়ার শহর সংলগ্ন সুরুলিয়া মিনি জু তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেন্টার থেকে একটি পুরুষ ও একটি মাদি চিতা বাঘ আনা হবে। ৯ বছরের পুরুষ চিতাবাঘের নাম লক্ষ্য। ১১ বছরের মাদি চিতাবাঘ ডালিয়া। ফলে নতুন বছরের গোড়াতেই দুই চিতাবাঘকে দর্শন করতে পারবেন জেলার পর্যটকরা। শুধু তাই নয়, সেই সঙ্গে এই মিনি জু’কে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ দিয়ে তৈরি হবে এশিয়াটিক লায়ন সাফারি, যা জঙ্গলমহলে এই প্রথম। মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল বুধবার ওই চিড়িয়াখানা পরিদর্শন করেন বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তার পরেই চিড়িয়াখানাকে ঘিরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ৬.৯ হেক্টর জমিতে প্রথম ডিয়ার পার্ক হিসেবে তৈরি হয়েছিল সুরুলিয়া চিড়িয়াখানা। ২০০৫ সালে সেই ডিয়ার পার্ককে মিনি জু-তে উন্নীত করা হয়। প্রসঙ্গত গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে জঙ্গলমহলের ঝাড়গ্রামে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের আদলে টাইগার সাফারি শুরু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ঝাড়্গ্রামের প্রস্তাবিত সেই টাইগার সাফারি পার্কের জায়গাও পরিদর্শন করে এসেছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। ঝাড়গ্রামে ৬৫ একর জায়গার উপরে এই সাফারি পার্ক গড়ে ওঠার কথা। এই প্রকল্পে রাজ্য সরকারে প্রাথমিক ভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে বলে ঘোষণা করেন বনমন্ত্রী।

Scroll to Top