৩৬৫ দিন। পুজোর মধ্যে খারাপ রাস্তা সারাইয়ের জন্য কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হল।পুরসভা জানিয়েছে, পুজোর মধ্যেও কোথাও রাস্তা নিয়ে কোনও সমস্যা হলে বাসিন্দারা সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পেলে তৎক্ষণাৎ রাস্তা ছাড়াই করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। কন্ট্রোল রুমের ফোন নাম্বার গুলি হল, ০৩৩–২২৮৬ ১২১২, ১৩১৩, ১৪১৪। পুজোর মধ্যেও জরুরি ভিত্তিতে রাস্তা সারাইয়ের জন্যে মজদুরদল, রোলার, মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। রাস্তা কোথাও খারাপ হয়ে আছে, এমন খবর পাওয়া মাত্র দ্রুত সারাইয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার সড়ক বিভাগকে।
অন্যদিকে পুজোর আগে যে খারাপ রাস্তাগুলি সারাইয়ের কাজ কলকাতা পুরসভা নিয়েছিল তার মধ্যে প্রায় ৯০ শতাংশ রাস্তা সারাই হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুরসভা। পুজোর মাস তিনেক আগে কলকাতার খারাপ রাস্তার তালিকা ট্র্যাফিক পুলিশের তরফে পুরসভার কাছে পাঠানো হয়। সেই তালিকা ধরে রাস্তা সারাইয়ের কাজ শুরু করে পুরসভা। তবে বার বার বৃষ্টি সেই কাজে বাধা হয়ে দাঁড়ায়। পুরসভার সড়ক বিভাগের দাবি, কলকাতার খারাপ রাস্তার ৯০ শতাংশ মেরামত হয়ে গিয়েছে। পুর–কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃষ্টি থামার পরে গত দশ দিনে এই কাজ গতি পেয়েছে। উল্লেখ্য,ট্র্যাফিক পুলিশের তালিকা ছাড়াও কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মোট ৭৬.৫৩ কিলোমিটার রাস্তা খারাপ হয়েছিল। সব রাস্তাই সারাই করা হয়েছে বলে জানিয়েছে পুরসভা। মূলত, শহরের ব্যস্ত রাস্তাগুলি সারাইয়ের কাজ হয় রাতে। তুলনামূলক ভাবে কম ব্যস্ত রাস্তা এবং গলিরাস্তাগুলি সারাইয়ের কাজ দিনে হয়। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে খারাপ রাস্তার তালিকা পাঠানো হয় কলকাতা পুরসভাকে। ধর্মতলা ও বিবাদী বাগের অফিসপাড়ার বিভিন্ন রাস্তা, ইএম বাইপাস, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এনএসসি বোস রোড, রাজা এসসি মল্লিক রোডের মতো রাস্তা সারাই করা হয়।






