৩৬৫ দিন। অমিত বন্দোপাধ্যায় । নয়াদিল্লি। যন্তরমন্তর, আকাশবানী ভবনের পর এবার রাজঘাট! দফা এক দাবি এক জ্ঞানেশের পদত্যাগ স্লোগান তুলে মহাত্মার স্মারকে শ্রদ্ধাঞ্জলী অর্পন রাহুল প্রিয়াঙ্কাদের। বৃহস্পতিবার ফার্স্ট হাফে দিল্লির কনট প্লেসে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। সেখানেই ঠিক হয় এবার আর যন্তরমন্তর বা আকাশবানী ভবন নয় রাজঘাটে যাবেন বিরোধী সাংসদরা। তাৎপর্যপূর্ণ ভাবে বৃহস্পতিবার কমলা বাসে রাজঘাটে যান খাড়্গে, রাহুল, প্রিয়াঙ্কারা। তারপর মহাত্মা গান্ধির স্মারকে শ্রদ্ধা জানিয়ে মোদি-শাহ-জ্ঞানেশের বোধোদয়ের প্রার্থনা করেন। প্রিয়াঙ্কা বলেন, রাজঘাটে আমরা এসেছি শুভবুদ্ধি উদয়ের প্রার্থনায়। আমরা সত্যাগ্রহ করছি। প্রার্থনা করছি মোদি-শাহদের বোধোদয় হোক। তাঁরা জ্ঞানেশ কুমারকে অপসারণ করুক। রাহুল বলেন, দু’দিন ধরে আমরা ৩০০ বিরোধী সাংসদ মিলে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে আমাদের অভিযোগ জানাতে গিয়েও পারিনি। আমরা বলতে গিয়েছিলাম জ্ঞানেশ কুমার আপনি ভোট চুরি করেছেন। কিন্তু বিজেপির নির্দেশে দিল্লি পু্লিশ আমাদের ওপর বলপ্রয়োগ করেছে। হেনস্থা করেছে। আমরা এখন-ও চাই সরকার নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হোক। তাই আমরা রাজঘাটে এসেছি। মহাত্মার আদর্শ মেনে সত্যাগ্রহ করছি। আশা করছি বোধোদয় হবে। না হলে আন্দোলন জোরালো হবে। দেশ জুড়ে এখন একটাই দাবি, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। উনি নিজে পদ না ছাড়লে ওকে অপসারণ করতে হবে। এদিকে, রাহুল প্রিয়াঙ্কারা যত ময়দানে নামছেন ততো তাদের বিরুদ্ধে এফ আই আরের বহর বাড়ছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, রাহুল ও প্রিয়াঙ্কা দুজনের নামে তিনটি করে এফ আই আর হয়েছে আপাতত। সরকারি কাজে বাধা দান, অশান্তি পাকানো, অবৈধ জমায়েত, উস্কানি সহ একাধিক ধারায় মামলা হয়েছে। যদিও এসবে বিশেষ পাত্তা দিচ্ছে না কংগ্রেস। তাদের দাবি, কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে যে ভাবে ভিড় হচ্ছে তাতে আতঙ্কিত বিজেপি। ভয় দেখাতে এফ আই আর করা হচ্ছে। এতে তাদের দমানো যাবে না।
বিজেপির অস্বস্তি মুরলী
কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় এসে মার্গ দর্শনে পাঠিয়ে কার্যত অবসরের বাজনা বাজিয়ে দিয়েছিল বাজপেয়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মুরলী মনোহর জোশীর। প্রায় এক দশক অন্তরালে থাকার পর প্রথম বার মোদি সরকার খানিক প্যাঁচে পড়তেই সরব হয়েছেন তিনি। দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি যা বললেন তাতে নিঃসন্দেহে অস্বস্তি বেড়েছে বিজেপির। এস আই আর প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার যদি সঠিক জনমত নিয়ে ক্ষমতায় আসে তাহলে আন্দোলন বিক্ষোভে তার পতনের আশঙ্কা অমূলক। রাজনৈতিক মহলের মতে, মুরলীর এই মন্তব্য আদতে মোদি সরকারকে খোঁচা দিতে করা। এস আই আর নিয়ে বিরোধীরা যখন নিরপেক্ষ তদন্তের দাবী করছে তখন তাদের সেই দাবীর সঙ্গে মুরলীর সুর কার্যত এক। এই প্রসঙ্গে তিনি বলেন, এস আই আর নিয়ে যদি কোনো অভিযোগ ওঠে বা অনিয়ম হয়েছে এমন আশঙ্কা সামনে আসে তাহলে অবশ্য-ই তার তদন্ত করা দরকার। ঐ প্রসঙ্গে বলে রাখা দরকার, মুরলী মনোহর এই প্রথম যে মোদি সরকারের বিরুদ্ধে কথা বলছেন এমন নয়। কয়েকদিন আগেও তিনি একাধিক বার মোদি সরকার বিরোধী মন্তব্য করেছেন।
ভোট চুরির প্রমাণ কোথায়? প্রশ্ন তুলে খোলা চিঠি
ভোট চুরি নিয়ে যখন বিরোধীরা রোজ দিল্লিতে আন্দোলন করছে তখন কার্যত জ্ঞানেশ কুমার ও মোদি সরকারের পাশে দাঁড়িয়ে খোলা চিঠি দিলেন প্রাক্তন বিচারপতিদের একাংশ। চিঠিতে তাদের প্রশ্ন, ভোট চুরি যে হয়েছে তার প্রমাণ কোথায়? চিঠিতে লেখা হয়েছে, কোনও প্রমাণ ছাড়া সাংবিধানিক সংস্থাকে বারবার চোর বা বিক্রি হয়ে যাওয়া বলে চিহ্নিত করা বন্ধ হওয়া প্রয়োজন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি – গণতন্ত্রে ব্যালটের গুরুত্ব যখন কমে যায়, তখন রাজপথ সেই জায়গা দখল করে নেয় এবং বিশৃঙ্খলার সূচনা হয়।সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিচারপতি পঙ্কজ মিত্তল সহ দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদের স্বাক্ষর করা এই চিঠিতে বিচারপতিরা লিখেছেন, “ভোটার তালিকায় ‘ভোট চুরি’-র যত অভিযোগ তোলা হচ্ছে, তা কেবল সংবাদমাধ্যমেই সীমাবদ্ধ। যখন নির্বাচন কমিশন প্রমাণ চেয়ে পাঠায়, তখন কোনও প্রমাণ দেওয়া হয় না। একই ইভিএম-এ জয়ী হলে নীরবতা পালন করা হয়, আর পরাজয় এলেই পুরো নির্বাচনী ব্যবস্থাকে ‘কারচুপি’ বলে দাগিয়ে দেওয়া হয়। যে দল পাঁচ দশকেরও বেশি সময় দেশ শাসন করেছে, তারাও আজ পুরো সিস্টেম ভেস্তে গেছে বলে দাবি করছে।” এই চিঠি নিয়ে বিরোধী ইন্ডিয়া জোট সরাসরি কোনও মন্তব্য না করলেও জোটের নেতারা বলছেন, এস আই আর যে নিয়ম মেনে হয়নি তা তো নির্বাচন কমিশনাররাই বলছেন। এস আই আর করে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে যে বিরাট দুর্নীতি আছে তার বহু প্রমাণ সামনে রাখা হয়েছে। আর কত প্রমাণ লাগবে! এটা দুর্ভাগ্যের প্রাক্তন বিচারপতিদের একটি ক্ষুদ্র অংশ বিজেপির সুরে কথা বলছে।
যন্তরমন্তর, আকাশবানী ভবনের পর এবার রাজঘাটে রাহুল প্রিয়াঙ্কারা, মোদি-শাহ-জ্ঞানেশের বোধোদয় প্রার্থনায় সত্যাগ্রহ
- khabar365din
- October 9, 2026
- 3:53 pm
- No Comments





