ভারত – ৫
মালয়েশিয়া – ১
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। শুক্রবার এশিয়ান গেমসে ভারতের মহিলা হকি দল শক্তিশালী চিনকে ১ গোলে হারিয়ে স্বর্ণপদক জয় করেছিল। মেয়েদের হকিতে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দলকে হারানো ভারতের মেয়েদের কাছে একটা বিরাট প্রাপ্তি ছিল। দেখার ছিল আজ শনিবার ভারতের পুরুষ হকি দল মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে গোল্ড মেডেল জিততে পারে কিনা। ভারতের ছেলেরা শুধু জেতেনি। ভারতের পক্ষে ব্যবধান ৫-১ । অর্থাৎ স্কোর লাইন দেখেই পরিষ্কার ফাইনালে মালয়েশিয়াকে তারা দাঁড়াতেই দেয়নি। ভারতের ছেলেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ৪-৩ জয় এসেছিল। ৪৯ সেকেন্ড আগে গোল না হলে সেদিন ভারত হেরেও যেতে পারত। কিন্তু ওই পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াই জয় করার কারণে ভারতের সাপে বর হয়েছিল।
তাই আজ মালয়েশিয়ার বিপক্ষে ভারতীয় ডিফেন্স এবং মিডফিল্ড নিজেদের সব ভুল ভ্রান্তি সামলে নিল। ফাঁকা জায়গা দেওয়া হয়নি গতিশীল মালয়েশিয়াকে। হার্দিক, জার্মানপ্রিত, মনপ্রিত থেকে শুরু করে অভিষেক, অমিত, যুগরাজ প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছে। মাঝখানে বিবেক ছিল অসাধারণ। ভারত জানত মালয়েশিয়ার আসল শক্তি গতি এবং ঝড়ের বেগে আক্রমণ চালানো। সেটাই ভারত কম হতে দিল যতটা সম্ভব নিজেদের দখলে বল রেখে। ভারতের কোচ ক্রেগ ফুলটন আজ যে ছক বানিয়েছিলেন সেটা সুপারহিট। মালয়েশিয়া যখন আক্রমণ করতে এলো তাদের তৈরি হয়ে যাওয়া ফাঁকা জায়গা দেখে পাল্টা আক্রমণ করল ভারত। কাজে লাগাল প্রান্তিক আক্রমণ। মাঝে মাঝে উঁচু এরিয়াল বল খেলা হল মালয়েশিয়ার বক্সে। এতেই কেল্লাফতে। ভারতের প্রধান লক্ষ্যই ছিল বল ধরে রাখো এবং মালয়েশিয়াকে নিজেদের স্বাভাবিক গতিতে অপারেট করতে না দেওয়া। গোটা ম্যাচ ভারত পেনাল্টি কর্নার পেয়েছে ১৪ টি। যার মধ্যে তিনটি গোল হয়েছে। বাকি দুটি ফিল্ড গোল। সার্কেল এন্ট্রির ক্ষেত্রে ভারতের পক্ষে সংখ্যাটা ২৬। সেখানে দুটো ক্ষেত্রেই মালয়েশিয়া ভারতের অর্ধেক পেনাল্টি কর্নার এবং সার্কেল এন্ট্রি করতে পেরেছে। ব্যাপারটা পরিষ্কার ভারত নিজেদের গেম প্ল্যানে মালয়েশিয়াকে টেক্কা দিয়েছে। শেষবার এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিল ভারতের ছেলেদের হকি দল। এবার জাপানের মাটিতে চ্যাম্পিয়নশিপ ধরে রাখল আবার স্বর্ণপদক জয় করে। এই রেকর্ড ভারতের প্রথম। ছেলেদের এবং মেয়েদের একই এশিয়ান গেমস হকিতে সোনা জয় এর আগে একবারই মাত্র হয়েছিল ১৯৮২ ব্যাংককে। ৪৪ বছর পর প্রথম সূর্যোদয়ের দেশে ভারতীয় হকির জোড়া সূর্য আবার উঠল। মেয়েদের পর ছেলেরাও পেয়ে গেল সরাসরি অলিম্পিকের টিকিট। এর থেকে আর ভালো খবর কি হতে পারে?





