ইন্ডিয়া জোটের আবেদন প্রত্যাখ্যান স্ট্যালিনের

৩৬৫ দিন। চেন্নাই। সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করলেন ডিএমকে সুপ্রিমো। কেন্দ্রের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের পক্ষেই থাকার সিদ্ধান্তে অনড় রইলেন স্ট্যালিন। বৈঠকে ব্যক্তিগত সৌজন্য বজায় থাকলেও রাজনৈতিক অবস্থান বদলাল না ডিএমকে প্রধানের। বৈঠক শেষে এম কে স্ট্যালিন নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন, আমি আমাদের অবস্থান এবং দাবিগুলি ব্যাখ্যা করেছি। ওঁরা তা শুনেছেন এবং আমরা নিজেদের মতামত আদানপ্রদান করেছি। আমাদের মূল উদ্বেগ হল, আমরা যদি এই সুযোগটা হাতছাড়া করি, তবে তামিলনাড়ুর স্বার্থ সুরক্ষিত রাখার ন্যূনতম গ্যারান্টিটুকুও থাকবে না, কারণ সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই ডিলিমিটেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট ইন্ডিয়া তৈরি হওয়ার সময় থেকে এই স্ট্যালিন কংগ্রেস তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে থাকলেও এবারের সংসদের বিশেষ অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অনুরোধে কেন্দ্রের শাসকদলের আনা আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই ভোট দেবেন বলে জানিয়েছিলেন গতকাল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে আজ ভারতীয় রাজনীতিতে কার্যত নজিরবিহীন ভাবে জোড়া বিমানে দিল্লি থেকে চেন্নাই পৌঁছে যায় ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। যে প্রতিনিধি দলে সোনিয়া গান্ধীর পাশাপাশি ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও।
দিল্লি থেকে ঝটিকা সফরে চেন্নাইয়ে পৌঁছানোর পরে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। সোনিয়া, মমতা, রাহুল, অভিষেকের মতো ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। আলোচনায় ডিলিমিটেশন বিলের সম্ভাব্য প্রভাব এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়টি উঠে আসে। কিন্তু স্ট্যালিনের বক্তব্য, কেন্দ্রের প্রস্তাবিত বিল তামিলনাড়ুর স্বার্থের পরিপন্থী নয়। বরং রাজ্যের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়ে কেন্দ্রের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ডিএমকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পরে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের পক্ষে বলেন, আমরা থিরু স্ট্যালিনকে অনুরোধ করেছি, যাতে তিনি ডিলিমিটেশনকে সমর্থন না করেন। এটা গণতন্ত্র হত্যার কৌশল। তামিল সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। দক্ষিণের অধিকার রক্ষার জন্য এই বিলকে সমর্থন না করার অনুরোধ জানিয়েছি আমরা। এরপরের সিদ্ধান্ত তাঁর উপরে এবং তাঁর দলের ওপরেই আমরা ছেড়ে দিয়েছি। কারণ ৮৫০ আসন গঠনের বিষয়টি বিজেপির হাতে ছেড়ে দেওয়া ভারত এবং তামিলনাড়ু-দু’টির পক্ষেই ক্ষতিকর। বিজেপি গণতন্ত্রের চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে। এই ন্যক্কারজনক পরিকল্পনা সফল হতে দেওয়া উচিত নয়।
বিলের স্বপক্ষে স্ট্যালিনের যুক্তি
সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের শাসকদলের আনা ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস বিল সমর্থন জানালে ভারতের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে বলে ইন্ডিয়া জোটের নেতারা বারবার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেও স্ট্যালিন এই বিলকে সমর্থন জানানোর পক্ষে পাল্টা যুক্তি দেন। ডিএমকে এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর স্বার্থের কথা মাথায় রেখেই। তাঁর দাবি, কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে রাজ্যের গুরুত্বপূর্ণ দাবিগুলি অন্তর্ভুক্ত হয়েছে। লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসন-অংশীদারিত্ব বজায় রাখার পাশাপাশি রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত আগামী ২৫ বছর ধরে রাখার বিষয়টিও প্রস্তাবে রয়েছে। নতুন ব্যবস্থায় তামিলনাড়ুর লোকসভা আসন ৩৯ থেকে বেড়ে ৫৯ হওয়ার কথা। ফলে এই প্রস্তাবকে রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে সাফল্য হিসেবেই দেখছে ডিএমকে।
স্ট্র্যাটেজি বৈঠকে প্রধানমন্ত্রী
আগামী কাল থেকে যেখানে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা এবং বিজেপির আনা আসন পুনর্বিন্যাস বিল যাতে পাস না হয় তার জন্য যখন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মরিয়া চেষ্টা চালাচ্ছে, তার মধ্যেই আজ সন্ধ্যায় বিশেষ স্ট্র্যাটেজি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের সংসদীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। দলের প্রথম সারির প্রায় ৩০ জন শীর্ষ নেতানেত্রীর এই ঘরোয়া বৈঠকে যোগ দিয়েছিলেন রাজনাথ সিং, অমিত শাহ এবং জেপি নাড্ডার মতো হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। একই সঙ্গে, অধিবেশনে দলীয় সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই একটি তিন লাইনের হুইপও জারি করেছে বিজেপি। বিল পাশের সময় সংসদে উপস্থিত থাকতে হবে বিজেপির সব সাংসদকে এবং সরকারের পক্ষে সমর্থন জানানোর কথাও বলা হয়েছে তাতে।
এপ্রিলে বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র
এর আগে গত এপ্রিল মাসে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সে সময় বিরোধী দলগুলি একজোট হয়ে সংসদে তা আটকে দিয়েছিল। সেই ঘটনার ঠিক সাত মাস পর ফের নতুন উদ্যমে আসনবৃদ্ধির বিলটি আনতে চলেছে কেন্দ্র। তবে এবার বিলটি পাস করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মোদী সরকার। কারণ তাৎপর্যপূর্ণভাবে গত এপ্রিলের পর থেকে বিজেপি সরকারের প্রধান দুই বিরোধী দলের হাতে থাকা দুটি রাজ্যের শাসক দল পরিবর্তন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গে তৃণমূলের পরিবর্তে ক্ষমতায় এসেছে বিজেপি এবং তামিলনাড়ুতে ক্ষমতায় বসেছে টিভিকে আর তৎকালীন শাসক দল ডিএমকে শর্তসাপেক্ষে সমর্থন জানিয়েছে এই বিলকে।
এখনো অনিশ্চিত পাওয়ার গোষ্ঠীর সিদ্ধান্ত
ইতিমধ্যেই কেন্দ্রে শাসক দলের আনা ডিলিমিটেশন বিল সমর্থন জানানোর কথা ঘোষণা করেছেন শরদ পাওয়ার। কিন্তু এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি দলেরই পাঁচ সাংসদের। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১০টায় দিল্লিতে শরদ-কন্যা তথা দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলের সঙ্গে বৈঠকে বসার কথা এনসিপি (এসপি)-র ৮ লোকসভা সাংসদের। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

Scroll to Top