৩৬৫ দিন। পুলিশের নজর এড়িয়ে প্রথমে থানার লক আপের ভেন্টিলেটর ভেঙে পালানো, তার পর দিন আষ্টেক ধরে পুলিশকে কার্যত নাস্তানাবুদ করে সে। দুর্গাপুর বাঁকুড়া হয়ে ওড়িশা সেখান থেকে অন্ধ্র হয়ে তেলেঙ্গানা – পথে অন্তত চার বার গাড়ি, সাইকেল, ট্যাঙ্কার এমনকি জামা কাপড় পর্যন্ত চুরি করে শেষ পর্যন্ত তেলেঙ্গানা থেকেই ফের পুলিশের জালে ধরা পড়ল পলাতক চোর মনোজ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২১ নভেম্বর কোক ওভেন থানার পুলিশ একটি টাটা সুমো চুরির ঘটনায় মনোজকে গ্রেফতার করে। আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে চায়। আদালত সেই আর্জি মঞ্জুর করে কিন্তু ওই দিন-ই লক আপের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে যায়। মনোজের সেই গা ঢাকা দেওয়ায় ৮ দিন ছিল রীতিমত রোমাঞ্চকর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লক আপ থেকে পালানোর পর মনোজ সোজা চলে আসে আসানসোল। তার আগে অবশ্য সে একটি ও বেশ কিছু জামা কাপড় চুরি করে নেয় তারপর জেলের পোশাক ছেড়ে ফেলে চুরির পোশাক গায়ে চাপিয়ে চুরির সাইকেলে চেপে সে চলে আসে বাঁকুড়া। মনোজ জানতো এই ভাবে সাইকেল নিয়ে বেশী দিন পালিয়ে বেড়ানো যাবে না। ট্রেনে বাসে পালাতে গেলে ধরা পড়ার ভয় আছে মনোজ তাই ভরসা রাখে তার চুরির বিদ্যার ওপরেই। ভাগ্য সহায় হয়। বাঁকুড়ায় জাতীয় সড়ক থেকে সে একটি ট্যাঙ্কার চুরি করে পালায়। কিন্তু ভাগ্য এবার মন্দ। ২০-৩০ কিলোমিটার যেতেই ট্যাঙ্কার দাঁড়িয়ে পড়ে তাতে তেল নেই। ফলে বাধ্য হয়ে জাতীয় সড়কের ধারে জঙ্গলে ট্যাঙ্কার ফেলে পালায় সে। পুলিশের অনুমান এর পর নানা গাড়িতে লিফট নিতে নিতে সে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ হয়ে তেলেঙ্গানা চলে আসে। এই যাত্রাকালে খুব সম্ভবত সে একাধিক গাড়ি চুরিও করে থাকতে পারে। পুলিশ সূত্রে বলা হচ্ছে মনোজ গাড়ি চুরিতে ওস্তাদ। বড় ছোট যে কোনো গাড়ি সে নিমেশে লক ভেঙে হাতিয়ে নিতে পারে তবে সে কেন তেলেঙ্গানা যেতে গেল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশের অনুমান আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সঙ্গে যোগ থাকতে পারে মনোজের। সেখানকার কোনো পান্ডার পরামর্শেই সে তেলেঙ্গানা চলে আসে। সাইবারাবাদের যেখান থেকে মনোজকে ধরা হয়েছে সেখানে সাম্প্রতিক কালে বেশ কিছু গাড়ি চুরির ঘটনা সামনে এসেছে তাই সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
লক আপের ভেন্টিলেটর ভেঙে পালানো গাড়ি চোরকে তেলেঙ্গানা থেকে ধরলো পুলিশ
- khabar365din
- November 29, 2026
- 4:51 pm
- No Comments






