মোহনবাগানের নায়ক ম্যাকলারেন, আইএসএল ডার্বি জয় অধরাই ইস্টবেঙ্গলের

মোহনবাগান – ১
ইস্টবেঙ্গল -০

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে আজকের আগে পর্যন্ত মোহনবাগানকে কখনই হারাতে পারেনি ইস্টবেঙ্গল। আজকের আগে পর্যন্ত দুই দলের সাক্ষাৎ হয়েছিল ১১ বার। নবার জিতেছিল মোহনবাগান। দুটো ড্র ছিল। ইস্টবেঙ্গলের বর্তমান কোচ লোপেজ হাবাস ম্যাচের আগে বলেছিলেন পরিসংখ্যান নিয়ে তার মাথাব্যথা নেই কারণ আজকের আগে পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলের আইএসএল ম্যাচগুলোয় মোহনবাগানের বিরুদ্ধে কোচের হট সিটে ছিলেন না। ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছিলেন এবার তাদের দলে থাকা কোচ হাবাস পরিসংখ্যান বদলাবে তাদের পক্ষে। কিন্তু সেটা হল না। রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের বছরের প্রথম ডার্বির রং আবার সেই সবুজ মেরুন। সব মিলিয়ে এবার বারোটি সাক্ষাৎকারে দশটা জয় পেল মোহনবাগান। সেই সঙ্গে চলতি লিগে শীর্ষস্থান ধরে রাখল তারা। ইস্টবেঙ্গল নেমে গেল নবম স্থানে। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন জয় গুপ্তা। মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ উঠে যাওয়ায় ফাঁকা ছিল গোল। বাঁ দিক থেকে বল পেয়ে শট নেন জয়। বল সজোরে আছড়ে পড়ে গোল পোস্টে। দু’মিনিট পরেই মোহনবাগানকে আরও একবার বিপদের হাত থেকে বাঁচান আলবার্তো। মেহতাব, রাহুল ভেকেরা খেললেও একা ডিফেন্সে নজর কাড়লেন এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় ফার্স্ট হাফ। যদিও শুভাশিসের একটা ক্রসে একদম সহজ সুযোগ হারান অনিরুদ্ধ থাপা।
কিন্তু দ্বিতীয় আর্ধ শুরু হতেই দেখা যায় মোহনবাগানের দাপট। বল কন্ট্রোল থেকে শুরু করে আক্রমণ রচনা এবং ট্রানজিশন সব ক্ষেত্রেই ইস্টবেঙ্গলের তুলনায় এগিয়েছিল তারা। মাঝখানে অসাধারণ ফুটবল খেললেন অনিরুদ্ধ এবং আপুইয়া। পরে নামা সামির ভরসা দিলেন। আর ডানপ্রান্ত দিয়ে সারাক্ষণ দৌড়ে গেলেন চাংতে। মোহনবাগানের একমাত্র গোলটা ৬৬ মিনিটে। ডান দিক থেকে মেহতাব সিং একটা ক্রস করলেন বক্সে। লিস্টন মাথা দিয়ে একটু ফরওয়ার্ড করলেন বলটাকে। পিছন থেকে মুভ করে ইস্টবেঙ্গল ডিফেন্ডার লালকে বোকা বানিয়ে বা পায়ের প্লেসমেন্টে বল জেলে পাঠালেন জেমি ম্যাকলারেন। এরপরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহনবাগান। লি একটা ফ্রি কিক মেরেছিলেন। ছাঙতে গোলরক্ষকের গায়ে মারেন সামনে থেকে। ইস্টবেঙ্গল শেষ কয়েক মিনিট লোবার পাশে পোল্যান্ডের লুকাসকে নামিয়ে দিয়ে একটা শেষ চেষ্টা করেছিল। কিন্তু আজ আর ভুল করেনি মোহনবাগান ডিফেন্স। তার মূল কৃতিত্ব আলবার্ত রড্রিগেজের। মোহনবাগানের এই বিদেশি সেন্টার ব্যাক আজ চিনের প্রাচীর হয়ে দাঁড়ালেন ইস্টবেঙ্গলের সামনে। ম্যাচের সেরাও তিনি। সব মিলিয়ে ডার্বি খুব উচ্চ মানের হয়েছে এমন নয়। তবুও মোহনবাগান তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল। এখন দেখার ইস্টবেঙ্গল এই জায়গা থেকে কি করে ঘুরে দাঁড়ায়।

Scroll to Top