৩৬৫ দিন। সময়টা ষাটের দশক। কেমব্রিজ, ইংল্যান্ড। ১৯ বছরের একটি মেয়ে ইতালির ছোট এক শহর যার নাম ওরবাসানো সেখান থেকে কেমব্রিজ এসেছে লেখাপড়া করবে বলে। তখনকার কেমব্রিজ আজকের মত ছিল না। বেশ অন্যররম এক পরিবেশ। বিশেষ করে ইতালির শহরতলী থেকে আসা মাত্র ১৯ বছরের একটি মেয়ের পক্ষে সেখানে মানিয়ে নিয়ে থাকা বেশ কঠিন। পদে পদে সমস্যা, সব থেকে অসুবিধা হল খাবার। ইতালির সুস্বাদু সব পদ এখানে নেই। বদলে যা আছে তা ‘অখাদ্য’। তার ওপর এখানকার প্রবল ঠান্ডা, হলদেটে কুয়াশা, রুক্ষ লোকজন, ভালো না লাগার কারণ যেন গুনে শেষ হয় না। তবু তার মধ্যে একটা ভালোলাগা আছে। ওই যে হাঁটু পর্যন্ত নেমে আসা খয়েরি সোয়েটার আর নীল জিন্স পরিহিত বছর একুশের ঝকঝকে ছেলেটি। যার চোখের অতলে ডুব দিতে ইচ্ছে করে, অজান্তেই যেন ভালোলেগে যায়,তখন আর কে জানতো ১৯ বছরের সেই ইতালিয়ান মেয়েটি একদিন ২১ বছরের সেই ছেলেটির হাত ধরে সুদূর ইউরোপ থেকে এশিয়া মহাদেশের ভারতবর্ষে আসবেন। আর তাদের জীবনকে কেন্দ্র করে পরের পাঁচ দশক ভারতীয় রাজনীতি আবর্তিত হবে ঘটনার ঘনঘটায় চমকে যাবে গোটা বিশ্ব।‌
জঘন্য ইংলিশ খাবার, ভার্সিটি ও রাজীব
সোনিয়া তাঁর আত্মজীবনীর শুরু করেছেন কেমব্রিজ আসা থেকে। তিনি কেমব্রিজ এসেছিলেন জেরেট স্কুল অফ ইংলিশে পড়বেন বলে। কিন্তু কেমব্রিজ এসে সোনিয়া বুঝলেন বড় ফাঁসা ফেঁসেছেন। একে তো অচেনা শহর, লোকজন সব কি রকম যেন, তার ওপর প্রবল ঠান্ডা সঙ্গে বৃষ্টি কেমন যেন মন খারাপ হয়ে যায়। তবে সবচেয়ে সমস্যা হল খাবার। সোনিয়া লিখছেন, তিনি যেখানে পেয়িং গেস্ট‌ থাকতেন সেখানে সাপ্তাহিক ভাড়া দিতে হত তার মধ্যে খাবার যুক্ত থাকতো। কিন্তু সেই খাবার মুখে তোলা সোনিয়ার কাছে দুরুহ হয়ে দাঁড়ায়। কোথায় ইতালিয়ান পাস্তা, মিট বা সবজির মনোমুগ্ধকর রেসিপি এখানে সকাল বিকেল শুধুই সেদ্ধ। যেন রোগীর পথ্য। হাইটি-র নাম করে এমন স্প্যাগিডি দেওয়া হত সপ্তাহান্তে যা মুখে তোলা তো দূর তার ফ্যাকাশে রঙ দেখেই পত্রপাট বিদায় করতেন তিনি। অরুচির খাবার জানলা দিয়ে গিয়ে পড়ত প্রতিবেশীর বাগানে প্রায় সব ক্ষেত্রেই তাদের পোষ্য ওই সব খাবার গলাধ্যকরণ করে গায়ে গত্তি লাগাতো এদিকে না খেয়ে তো আর থাকা যায় না।‌ বাড়ির পাশেই রয়েছে কিংগস স্ট্রীট, সেখানে কিছু দোকান আছে বটে যেখানে কাজ চালানোর মত খাবার পাওয়া যায় কিন্তু তার দাম অনেক। মধ্যবিত্ত পরিবারের সোনিয়ার বাজেট সীমিত। তার ওপর ওই রাস্তায় সব আজব নিয়মকানুন। গাড়ি চলার কোনো ছিড়ি ছাঁদ নেই।‌ বহুবার দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচেছেন। তাই হুট বললেই বেরিয়ে পড়া যায় না। অনেক বার তো বাস বা ট্যাক্সি ভুল জায়গায় নামিয়েছে। বাধ্য হয়ে তাই বাই সাইকেল কেনেন সোনিয়া। অনেক ঘোরাঘুরির পর খোঁজ মেলে ভার্সিটির। ভার্সিটি হল একটি গ্রীক রেস্তোঁরা। আহামরি কিছু না হলেও সেখানে ভালো ইতালিয়ান খাবার পাওয়া যায়, এটিই সোনিয়ার কাছে সেই সময় ছিল হাতে চাঁদ পাওয়ার মত। আর এখানেই প্রথম দেখা রাজীবের সঙ্গে।
প্রথম রাজীবের হাতে হাত রাখা, ঠিক যেন বিদ্যুতের ঝলকানি
সোনিয়া লিখছেন,ভার্সিটির সন্ধান পাওয়ার পর তাঁর খাওয়াদাওয়ার অসুবিধা অনেকটাই মেটে। ততদিনে তিনি কেমব্রিজে কিছুটা সাবলীল হয়ে উঠেছেন। পথে ঘাটে একা বেরতে ততোটা আর সমস্যা হয় না। কখনো একা কখনো ঘনিষ্ঠ দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে ভার্সিটিতে এসে ইতালিয়ান খাবার খেতে আসেন আর যখন-ই আসেন তখনই চোখ চলে যায় বছর একুশের রাজীবের দিকে। সব সময় ওর টেবিলে একটা ভিড়,কখনো সেখানে উত্তপ্ত আলোচনা হচ্ছে কখনো একেবারে নির্ভেজাল আড্ডার পরিবেশ, যাই হোক না কেন মধ্যমণি কিন্তু রাজীব। সোনিয়া খোঁজ নিয়ে জানলেন, এ ছেলে বড় সাধারণ ছেলে নয়। দাদুর নাম জওহর লাল নেহেরু। মা ইন্দিরা গান্ধি। এখানে ট্রিনিটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সোনিয়া দেখেন তাঁকে কিন্তু যেচে আলাপ করতে সাহস হয়ে না। তার ওপর তিনি ইংরাজিতে সাবলীল নন, কথা বলবেন-ই বা কি করে! সুযোগটা এল অপ্রত্যাশিত ভাবে। সোনিয়ার এক বন্ধু ক্রিস্টিয়ান একদিন হঠাৎ রাজীবকে নিয়ে ঢুকল ভার্সিটিতে। তখন সেখানে আগে থেকেই ছিলেন সোনিয়া। তাঁকে দেখে ক্রিস্টিয়ান-ই আলাপ করিয়ে দেয় রাজীবের সঙ্গে। সৌজন্য বিনিময়ের পর রাজীব করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন, সেই হাতে হাত রাখতেই বিদ্যু্ৎ খেলে যায় সোনিয়ার সারা দেহে, সোনিয়ার কথায়, উন কলপো ডি ফুলমে,অর্থাৎ যেন বিদ্যুতের ঝলক।
গাউন সেলাই করে দিলেন ইন্দিরা, সোনিয়ার রক্ষণশীল পরিবার মানতে চায়নি রাজীবকে
হাত হাত রাখা দিয়ে যে ভালোলাগা শুরু হয়েছিল তা প্রেমে পর্যবসিত হতে বেশী সময় লাগেনি। সোনিয়ার কথায় কেমব্রিজের সে সব দিন ছিল সোনালি মোড়কে মোড়া। এক যে স্মৃতি মজার ঘটনা তা বলে বা লিখে শেষ করা যায় না। তবে সোনিয়া জানতেন, রাজীবের সঙ্গে সম্পর্কে জড়ানো তাঁর রক্ষণশীল পরিবার ভালো ভাবে নেবে না। কেমব্রিজ আসার সময় বাড়ি থেকে বার বার নির্দেশ দেওয়া হয়েছিল লেখাপড়ার বাইরে কোনো দিকে মন না দিতে। বিশেষ করে কোনও ছেলের পাল্লায় না পড়তে সেখানে সোনিয়ার রাজীবের সঙ্গে চুটিয়ে প্রেম জানাজানি হলে কুরুক্ষেত্র বাঁধবে। তাই অনেকবার বলবো বলবো করেও আর বলা হয়ে ওঠেনি।‌ এদিকে রাজীব এক প্রকার চাপ দিচ্ছিলেন যাতে তিনি বাড়িতে সব জানায়। তারপর যদি আপত্তি করেন সোনিয়ার বাবা মা তখন না হয় তিনি নিজে ইতালি গিয়ে তাদের বোঝাবেন। যদিও সেই সাহস আর হয়ে ওঠেনি সোনিয়ার। এর মধ্যে ঘটে এক ঘটনা। ১৯৬৫ তে কিছু কাজে ইন্দিরা ইংল্যান্ডে আসেন। তৎকালিন ভারতীয় হাইকমিশনারের বাসভবনে ওঠেন তিনি। ইতিমধ্যে রাজীব তাঁকে সোনিয়ার কথা জানিয়েছেন। বড় ছেলের পছন্দে কোনও খামতি আছে কি না তা দেখে নিতে হবে ফলে সোনিয়া সটান রাজীব – সোনিয়ার সঙ্গে দেখা করতে চাইলেন। দিন সময় ঠিক হল কিন্তু ১৯ বছরের সোনিয়া ঘাবড়ে গেলেন।‌ এমন কান্নাকাটি জুড়লেন যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টেলিফোন বুথ থেকে ইন্দিরাকে ফোন করে রাজীব জানালেন সেদিন সাক্ষাৎ সম্ভব হচ্ছে না। পরে অবশ্য সোনিয়া লজ্জায় পড়ে যান। পরের দিন বিকেলে প্রথম বার ইন্দিরার সঙ্গে দেখা হয় তাঁর। সোনিয়া লিখছেন, গোটা সময়টা রাজীব আমার কাঁধে হাত রেখে আমাকে আগলে রাখে। কিন্তু ইন্দিরার ওমন ব্যক্তিত্বের সামনে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। এক সময় আমার চোখে জল এসে যায় ভয়ে লজ্জায় গুটিয়ে যেতে থাকি। এই সময় ইন্দিরাই পরিস্থিতি সহজ করে দেন। ফ্রেঞ্চে ইন্দিরা বলেন, ‘ভয় পেও না। আমি একজন মানুষ। আমিও তোমার বয়স পার করে এসেছি, আমিও ভালোবেসেছি।’ পরের দিন রাজীবের এক বন্ধুর আমন্ত্রণে রাতে ডিনারে যাওয়ার কথা ছিল। সোনিয়া কালো গাউন পরবেন। কিন্তু গাউন পরতে গিয়ে তিনি আবিষ্কার করেন তার একটি জায়গায় সেলাই করতে হবে। সোনিয়া রাজীবের সাহায্য চান।‌ তাঁকে সম্পূর্ণ অপ্রস্তুতে ফেলে রাজীব সটান সূচ সুতো ধরিয়ে দেন ইন্দিরার হাতে। যত্ন করে ইন্দিরা সেলাই করে দেন সেই গাউন।
ব্রিটিশ খাবার অসহ্য,ভারতীয় খাবার ভয়ঙ্কর!
সোনিয়া লিখছেন খাবার নিয়ে তাঁর দুর্দশা যেন শেষ হতেই চাইছিল না। রাজীবের সঙ্গে তখন তিনি চুটিয়ে প্রেম করছেন। এর মধ্যে একদিন লন্ডনে ভারতের ডেপুটি হাই কমিশনার পি.এন.হাসকর ও তাঁর স্ত্রী রাজীব ও তাঁকে নিমন্ত্রণ করলেন। মেনুতে বেশীরভাগ উত্তর পশ্চিম ভারতের খাবার। সোনিয়া লিখছেন, আমি দেখলাম একটি প্লেটে টকটকে লাল মশলা মাখানো বেশ কিছু মাংস রাখা হয়েছে। রাজীব বললো এটির নাম তন্দুরি চিকেন। একটি টুকরো মুখে দিতে যেন মুখ জ্বলে গেল।‌ কোনো রকমে গিলে ফেলতে যেন বুক পেট সব জ্বলে গেল। চোখের জলে নাকের জলে হয়ে যখন আমার নাস্তানাবুদ দশা তখন রাজীব আমার ‌রক্ষাকর্তা হয়ে দাঁড়ালো। কায়দা করে আমাকে রেস্তোরাঁয় নিয়ে গেল। শার্লট স্ট্রিটের ওই রেস্তোরাঁয় আর কোনও খাবার খাওয়ার ঝুঁকি নিতে চাইনি। ইতালির খাবারের সঙ্গে কিছুটা মিল থাকা ফালুদা আর কুলফি খেয়ে সেদিন পেট ভরাই।

Scroll to Top