৩৬৫ দিন। সিন্ডিকেট, কাটমানি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছি। উত্তরবঙ্গে থেকে যে সমস্ত বৈধ জিনিসপত্র রয়েছে, তা রোডের পরিবর্তে রেলে যাতে আনতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং অতিরিক্ত রেক চাইলে দিতে হবে। এভাবেই আজ রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পরে উত্তরবঙ্গে কাটমানি রুখতে রেলমন্ত্রীকে বৈধ জিনিসের পরিবহনের জন্য সহায়তার অনুরোধ জানিয়েছেন বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কলকাতায় আসার আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে এর আগে দিল্লিতে গিয়েই মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ একান্ত বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের জরুরি তলবে দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশন টিকে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস করানোর প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্ববিন্যাস বিল সংসদে পাশ করানোর জন্য বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদরা যাতে সরকার পক্ষে ভোট দেন তা নিশ্চিত করার বিষয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ডোকরার তৈরি একটি দুর্গা মূর্তি উপহার দেন শুভেন্দু।
বাংলার রেল ও মেট্রো প্রকল্প নিয়ে বৈঠক
দিল্লিতে আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে বৈঠকে রেলমন্ত্রকের গুরুত্বপূর্ণ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। উত্তরবঙ্গে বৈধ পণ্য পরিবহণের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন তিনি। পরিবহনের পথে টোলের নামে কাটমানি বা অবৈধ আদায় বন্ধ করতে রেলপথে পণ্য পরিবহন বাড়ানোর আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, রেলমন্ত্রীর কাছে মূলত চারটি বিষয়ে সহযোগিতা চেয়েছেন তিনি। রাজ্যের আটকে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করা এবং নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের বিষয়েও আলোচনা হয়েছে। চিংড়িঘাটা রেলওয়ে কানেকশন সম্পূর্ণ হওয়ার পর নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই। এবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চান তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেন, সেই আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করার জন্যও উদ্যোগী হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। হিলি, নন্দীগ্রাম ও দেশপ্রাণের মতো একাধিক রেল প্রকল্প জমি সমস্যার কারণে আটকে ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকার অনেক আগেই ওই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমি দিয়ে দিয়েছে। তাই আগামী মার্চ মাসের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ করে রেল চলাচল শুরু করার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর আবেদনে সাড়া দিয়ে রেলমন্ত্রী নন্দীগ্রামের একাংশে অবিলম্বে রেল পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
এছাড়াও কয়েকদিন আগে বাংলায় এসে কেন্দ্রীয় রেলমন্ত্রী ঘোষণা করেছিলেন গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল পরিষেবা চালুর জন্য উদ্যোগী হবে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে আলোচনার পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। সেখানে রেল পরিষেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ম্যাপ ও পরিকল্পনা তৈরি করে ফেলেছে রেল মন্ত্রক। প্রকল্পটি বাস্তবায়িত করতে আনুমানিক ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে। দ্রুত সমীক্ষার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।
বিল পাস নিয়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী শাহ’র সঙ্গে
- khabar365din
- November 19, 2026
- 5:02 pm
- No Comments





