শিশু মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা উলুবেড়িয়া মেডিকেল কলেজে

৩৬৫ দিন । পাপ্পা গুহ। চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে। বুধবার রাতের এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে মৃত শিশুর পরিবারের লোকজনদের বিরুদ্ধে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে সাঁকরাইল থানার নলপুরের ডাহুকা গ্রামের বাসিন্দা শেখ রাশিদুল ইসলাম (১১) ৯ দিন আগে টনসিলের ব্যাথা, মুখ ফোলা উপসর্গ নিয়ে উলবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি হয়। মৃত শিশুর পরিবারের বক্তব্য হাসপাতালের চিকিৎসায় শিশু অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। যদিও বুধবার থেকে আচমকা তার পেটের ও বুকের যন্ত্রনা শুরু হয়। মৃত শিশুর মা রাবিয়া অভিযোগ করেন ছেলের এই অবস্থা দেখে আমরা কর্তব্যরত চিকিৎসককে ছেলেকে অন্যত্র রেফার করার কথা বলি। যদিও তিনি সেটা না করে একটি ইঞ্জেকশান দেওয়ার কথা বলেন। তিনি অভিযোগ করেন এরপর ছেলেকে ইঞ্জেকশান দেওয়ার পরেই তার মৃত্যু হয়। এদিকে রাশিদুলের মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকজন। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উলুবেড়িয়া মেডিকেল কলেজের মেডিকেল সুপার এবং ভাইস প্রিন্সিপাল অগ্নিহত্রী ভট্টাচার্য্য বলেন এই বিষয়ে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Scroll to Top