ভারত – ৫
চিন – ২
৩৬৫ দিন। একদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে হকিতে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ১৩ গোলে জিতেছিল ভারত। পঞ্জাবের স্টেডিয়ামে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পর আজ বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় ম্যাচ ছিল চিনের বিপক্ষে। চিন ভারতের তুলনায় হকিতে দুর্বল, এটা জানাই ছিল। কিন্তু বাংলাদেশের থেকে তারা অনেক ভালো দল। স্কোরলাইন বলছে ভারত জিতেছে ৫-২। কিন্তু চিন যথেষ্ট ভালো লড়াই দিয়েছে। তাদের ফিটনেস দারুন। কিন্তু ভারতের অভিজ্ঞতা এবং ফিনিশিং করার ক্ষমতা বেশি হওয়ার কারণে তারা শেষ পর্যন্ত পেরে ওঠেনি। আজ ভারতের হয়ে প্রথম গোলটি করেন সুখজিত সিং।
থ্রিডি স্কিল দেখিয়ে করা এই গোলটা ম্যাচের সেরা। অধিনায়ক হরমন জোড়া গোল করেন। একটি গোল করেন জুগরাজ। তবে ভারত মাঝেমধ্যে নিজেদের ডিফেন্সে বেশ কিছু ভুল করেছে যা চোখে পড়েছে। এমনিতে এই টুর্নামেন্টে যে কটা দল অংশগ্রহণ করেছে তাদের সবচেয়ে উপরের রাঙ্ক ভারতের। তারা ইতিমধ্যে অলিম্পিকে কোয়ালিফাই করে গিয়েছে। পঞ্জাবে সেই ২০০৯ সালের পর আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সুখজিত। ভারতের কোচ ক্রেগ ফুলটন জানিয়েছেন, আজ ভারত জিতেছে ঠিক কথা, কিন্তু কয়েকটা জায়গায় উন্নতি প্রয়োজন সেটা বোঝা গিয়েছে। বিশেষ করে ডিফেন্স নিয়ে উন্নতির জায়গা আছে। ভারতের অন্যতম সেরা এবং অভিজ্ঞ তারকা হার্দিক জানিয়েছেন ডিফেন্স এবং মাঝমাঠের বোঝাপড়া তাদের বাড়াতে হবে পরবর্তী ম্যাচগুলোর আগে। হরমন বলেন, তাদের একমাত্র লক্ষ্য এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া এবং নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা। তিনি আশাবাদী পরের ম্যাচগুলো থেকে ভারতের ডিফেন্স আরও উন্নতি করবে।





