৩৬৫ দিন। রঞ্জি মরসুমের শুরুতেই জয়ের হ্যাট্রিক করলো বাংলা। বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের স্পিনের ভেল্কিতে মঙ্গলাপুরমে বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ তথা শেষ দিনের সকালে মাত্র ১২০ রানেই শেষ হয়ে গেলো কেরলের দ্বিতীয় ইনিংস। ২৮৭ রানের বড় ব্যবধানে কেরলকে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করলো ঈশ্বরনরা। ৪ উইকেটে ৫৩ রানে তৃতীয় দিন শেষ করেছিলো কেরল। এদিন ৫৪ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। অধিনায়ক বিষ্ণু বিনোদকে আউট করেন প্রদীপ্ত। ১৯ রান করে বাংলা অধিনায়ককে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান কেরল অধিনায়ক। এরপর সালমান নিজারের উইকেট নেন প্রদীপ্ত । ১ রান করে তিনিও একই ভাবে আউট হন। সারওয়াতেকে ফেরান শামি। শূন্য রানে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর বৈশাখ চন্দ্রন এর উইকেটও নেন শামি। নবম উইকেটে উইকেট রক্ষক মহম্মদ আজহারউদ্দিন ও এম ডি নিধিশ ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। শাহবাজ আহমেদ ফেরান আজহারউদ্দিনকে। কেরলের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করে শাহবাজ আহমেদের বলে স্ট্যাম্প আউট হন নিধিশ। ৯৫ রান দিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স দিয়েছেন প্রদীপ্ত। প্রথম ইনিংসে ৪৪ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে ছয় উইকেট নিলেন। শতরান করে ও চার উইকেট নিয়ে শাহবাজ আহমেদ ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর বাংলা ৩৫০ ও ১৯৮, কেরল ১৪১ ও ১২০। বাংলার পরবর্তী ম্যাচ ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে । সোমবার শুরু হবে ম্যাচ। ৩ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষে রয়েছে বাংলা। ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে কেরল রয়েছে চতুর্থ স্থানে।
রঞ্জিতে জয়ের হ্যাট্রিক বাংলার, প্রদীপ্তর স্পিনে ২৮৭ রানে কেরলকে হারালো অভিমন্যুরা
- khabar365din
- October 29, 2026
- 3:01 pm
- No Comments





