৩৬৫ দিন।মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। বুধবার বেলা প্রায় এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকার গীতাঞ্জলি হল এর কাছে একটি গলিতে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনাটি ঘটে। একটি বাইকে চেপে যাচ্ছিলেন খড়্গপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্কুল পড়ুয়া ১৫ বছর বয়সী কিশোর অক্ষয় ঝা। বাইক চালিয়ে এসে দুই দুষ্কৃতী ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পর পর দু রাউন্ড গুলি চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এরপর দ্রুত দুষ্কৃতীরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাইক সমেত পড়ে যায়, অক্ষয় ঝা সহ বাইক চালক । স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ বছর বয়সী কিশোর অক্ষয় ঝাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে খড়্গপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। তার বুকেও হাতে গুলি লেগেছে বলে, পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান ওই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে কি কারণে ওই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, আটক ৫ জনকে জেরা করে বেশ কিছু সূত্র মিলেছে। সেগুলো খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত রেষারেষির জেরে এই গুলি চালনার ঘটনা তবে এর পেছনে ত্রিকোণ প্রেম জাতীয় কিছুও থাকতে পারে। এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু খড়্গপুর থেকে ট্রেন ও সড়ক পথে খুব দ্রুত ও সহজে ভিন রাজ্যে পালানো যায় তাই দুষ্কৃতীরা যাতে পালাতে না পারে তার জন্য তল্লাশি চলছে। নজরদারি বাড়ানো হয়েছে চেক পয়েন্টগুলোতে। সুপারি কিলার নিয়োগ করে ওই ছাত্রকে খুনের চেষ্টার সম্ভবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।





