মাদক পাচারের অভিযোগে যুবককে ঘিরে তুলকালাম
উদ্ধার ‘প্রেস’ লেখা সন্দেহভাজন গাড়ি

৩৬৫ দিন। বিশ্বজিৎ ব্যানার্জি। নদীয়া। গভীর রাতে মাদক পাচার ও বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় নবদ্বীপ প্রাচীন মায়াপুর এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক ও তার পরিবার এলাকায় নিষিদ্ধ মাদক (বিশেষত হেরোইন ও ব্রাউন সুগার) সরবরাহের সাথে যুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে যুবকটিকে সন্দেহজনক অবস্থায় আটক করার সময় সে নিজের পকেট থেকে মাদকের প্যাকেট ফেলে দেওয়ার চেষ্টা করে। তাকে ঘিরে ধরে জেরা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, যুবকটি স্থানীয়দের ভয় দেখাতে বাইরের লোকজনকে ফোনে নির্দেশ দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। উত্তেজিত জনতার একাংশ তাকে মারধরের চেষ্টা করলে কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন এবং তাকে আটকে রাখেন। উত্তেজনার পারদ আরও বাড়ে যখন ঘটনাস্থলে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি দেখতে পান বাসিন্দারা। লাল রঙের ওই মারুতি গাড়ির উইন্ডস্ক্রিনে সেঁটে রাখা ছিল ‘প্রেস’ (PRESS) লেখা স্টিকার। ভুয়ো প্রেস স্টিকার ব্যবহার করে মাদক ও বেআইনি সামগ্রী পাচার চালানো হচ্ছিল কি না, তা নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গাড়ির কাগজপত্র ও সত্যতা যাচাইয়ের দাবি তোলেন তাঁরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবকের মা ও পরিবারের সদস্যরা। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে; কারবারের সত্যতা থাকলে প্রমাণ দেখাতে হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক কারবারের বহু তথ্যপ্রমাণ ও অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Scroll to Top