পুজোয় বাড়িতে বসে মজা করুন মহিলাদের উত্যক্ত করলে খুব খারাপ হবে
মাইক হাতে হুঁশিয়ারী আইসি-র

৩৬৫ দিন। পুজোয় বাড়িতে বসে মজা করুন মহিলাদের সামনে বিশৃঙ্খলা করলে আমার থেকে খারাপ কেউ হবে না – পানিহাটির লোক সংস্কৃতি মঞ্চে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার আইসি রাজ কুমার সরকার। সেখান থেকেই মাইক হাতে কড়া হুঁশিয়ারী দিলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ঘোলা এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা বার বার সামনে এসেছে। মোটামুটি ভাবে জেলার অপরাধপ্রবণ এলাকার মধ্যে ঘোলা প্রথম সারিতে পড়ে। আইসি-র হুঁশিয়ারী পুজোকে কেন্দ্র করে কোনো অশান্তি তিনি বরদাস্ত করবেন না। বিশেষ করে নেশা করে গোলমাল পাকালে বা মহিলাদের উত্যক্ত করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। এমনকি পুজো কমিটির কেউ যদি ঝামেলা পাকায় তাকেও গারদে ঢোকানো হবে। আইসি রাজকুমার বলেন,“পুজোর দিনে বাড়িতে বসে মজা করুন। মহিলারা যেখানে থাকবে সেখানে তাদের সঙ্গে বিশৃঙ্খলা করলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি এই বিষয়ে কড়া পদক্ষেপ আমি নেব। সেটা যে কেউ…। পুজো কমিটিরও কেউ যদি করে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।” এখানেই শেষ নয়, আরও বলেছেন, “বিসর্জনের দিনেও একই নির্দেশ থাকবে। বিসর্জনে মহিলারা থাকবেন। তাঁদের সামনে গিয়ে বিশৃঙ্খলা করবেন না। আমি কিন্তু রাস্তায় থাকবো। শান্তি বজায় রাখবেন। বিশৃঙ্খলা হলে তাঁদের আমি ওখানে রেয়াত করব না। আইনের শাসন থাকবেই।”

Scroll to Top