৩৬৫ দিন। আমার বার্ধক্যের বারানসী। বারানসী অথবা কাশীর সঙ্গে বাঙালির যোগসূত্র সুপ্রাচীন। সেই প্রাচীনকাল থেকে বাঙালির তীর্থ করতে যাওয়ার তালিকায় একেবারে প্রথমেই থাকে কাশী। এবারে সেই কাশীতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালি পর্যটকদের থাকার সুব্যবস্থা করার জন্য প্রায় ৮০ কোটি টাকা খরচ করে অত্যাধুনিক মানের অতিথিশালা বানানোর উদ্যোগ নিল পর্যটন দপ্তর। কারণ বারাণসীতে পুজো-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান বা ঘুরতে গিয়ে বাঙালিদের থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়তে হয় প্রায়ই। এবার সেই সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। বারাণসীর সোনারপুরা এলাকায় অবস্থিত বারাণসী কোচবিহার কালী বাড়ি চত্বর সরেজমিনে পরিদর্শন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত সহায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞ। এই সফরের আগে, ৭ অক্টোবর প্রকল্পের নকশা ও রূপরেখা নিয়ে কালী বাড়ি ট্রাস্ট বোর্ডের সঙ্গেও এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
বারানসীতে কোচবিহার রাজবাড়ীর ঐতিহ্যবাহী কালীবাড়ি চত্বরেই গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মানের পশ্চিমবঙ্গ সরকারের অতিথি শালা। যেখানে এই ঐতিহ্যবাহী প্রাচীন কালী বাড়ির সংস্কার করার পাশাপাশি কোচবিহার রাজ পরিবারের তৈরি বিলাসবহুল হাওয়া মহলকেও আধুনিক মানের স্থাপত্যে সাজিয়ে তোলা হবে পুরনো ঐতিহ্য বজায় রেখেই। সোনারপুরা রোড থেকে আসা মাত্র ৯ মিটারের সরু প্রবেশপথের কথা মাথায় রেখেই নতুন পরিকাঠামোর খসড়া তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, সেখানে একটি ৬ থেকে ৭ তলা উঁচু অত্যাধুনিক কেন্দ্র গড়ে তোলা হবে। যাতে থাকবে প্রশস্ত পার্কিং লট, ব্যাঙ্কোয়েট হল, রেস্তোরাঁ, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া এবং একটি লাইব্রেরি। পাশাপাশি, মূল হাওয়া মহলটির প্রাচীন স্থাপত্যকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে নতুন করে সাজিয়ে তোলা হবে। রাজ্য সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই রূপায়ণে খরচ হবে আনুমানিক ৮০ কোটি টাকা। প্রকল্পটি সম্পূর্ণ হলে বারাণসী ভ্রমণকারী পুণ্যার্থী ও পর্যটকদের জন্য এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে। বারাণসীর বুকে বাংলার সংস্কৃতি, সাহিত্য, রসনা ও ঐতিহ্যকে তুলে ধরার জন্যেও একাধিক পরিকল্পনা গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর সূত্রে।
কাশী ভ্রমণে যাওয়া বাঙালি পর্যটকদের জন্য বারাণসীতে ৮০ কোটি টাকা ব্যয়ে অতিথিশালা বানানোর ঘোষণা পর্যটন দফতরের
- khabar365din
- October 11, 2026
- 8:31 pm
- No Comments



