৩৬৫ দিন। দুর্গাপূজা উপলক্ষে আধুনিক বাংলা গানের এক শতাব্দীরও বেশি প্রাচীন সমৃদ্ধ সংগীত-ঐতিহ্যকে সম্মান জানাতে, সুরিন্দর মিউজিক নিয়ে এলো নতুন পূজার গান ‘সুরেলা গান, কাশ ফুলের গন্ধ’। এই সময়ের অন্যতম বহুমুখী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মেখলা দাশগুপ্তের কণ্ঠে, যোগাযোগ পেশাদার শ্রীরাজ মিত্রের কথা ও সুরে এবং প্রবীণ সংগীত পরিচালক রকেট মণ্ডলের সংগীতায়োজনে তৈরি হয়েছে গানটি। মঙ্গলবার দ্বিতীয় অধ্যায়ে শিল্পীদের উপস্থিতিতে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা চন্দ আনুষ্ঠানিকভাবে গানটির শুভমুক্তি করা হয়। শরৎতের নীল আকাশ, কাশফুলের দোল, লাল-পাড় সাদা শাড়ি আর বাতাসে পূজার গন্ধ , এই সবকিছুই শারদোৎসবের আগমনের ইঙ্গিত দেয়। এটি সেই সময়, যখন দূরে থাকা প্রিয়জনেরা শহরে ফিরে আসেন প্রিয় মানুষের সঙ্গে উৎসব ভাগ করে নিতে। এই আবেগ, এই ফিরে আসার গল্পই ধরা পড়েছে ‘কাশ ফুলের গন্ধ’ গানে। সুরিন্দর সিং এবং নিসপাল সিং নিবেদিত ও সুরিন্দর মিউজিক প্রযোজিত এই গানটি সুরিন্দর মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এবং পাশাপাশি অন্যান্য সকল ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও উপলব্ধ থাকবে।
এ প্রসঙ্গে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং বলেন, “সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে থাকা সিনেমার গানের পাশাপাশি, আমরা এখন সংগীত জগতের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে বেশ কিছু স্বতন্ত্র সিঙ্গেল প্রকাশের ওপরও জোর দিচ্ছি। ‘কাশ ফুলের গন্ধ’ একটি অত্যন্ত আনন্দদায়ক ও সুরেলা গান, যা বাতাসে দুর্গাপূজার আগমনী আবহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। গীতিকার-সুরকার শ্রীরাজ মিত্র বলেন, পুজোর গানের আবেদন চিরন্তন। আধুনিক আয়োজনে তৈরি ‘কাশ ফুলের গন্ধ’ শ্রোতাদের ৭০-৮০ দশকের স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যাবে। এটি সেই সময়ের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। মেখলার সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। আশা করি গানটি সকলের ভালো লাগবে।শুভম পণ্ডিতের সংগীত প্রোগ্রামিংয়ে, ‘কাশ ফুলের গন্ধ’ গানটি রেকর্ড করা হয়েছে সিদ্ধেশ্বর ব্যানার্জির স্টুডিও ভাইব্রেশনে এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন সুদীপ সাঁতরা, স্টুডিও জেএমডি সাউন্ডে। অভিনেতা সুদীপ্তা রায় ও বিপুল ঋষি অভিনীত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুমিত মণ্ডল এবং চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন অনুপম কুণ্ডু। রূপসজ্জায় ছিলেন মেঘনা মুখার্জি।




