৩৬৫ দিন।সুমন আদক।বৃহস্পতিবার বেলুড়ের বঙ্কু বিহারী ঘোষ লেনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় পাঁচ স্কুলপড়ুয়া। জানা গিয়েছে, লিলুয়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাঁচ পড়ুয়াকে নিয়ে পুলকারটি বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় জল জমে থাকায় সামনে থাকা খোলা ড্রেনটি চালকের তা নজরে পড়েনি। আচমকাই পুলকারটির সামনের চাকা খোলা ড্রেনের মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়ির ভিতরে। পড়ুয়াদের চিৎকার ও আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় পুলকার থেকে পাঁচ পড়ুয়াকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাঁদের সকলকেই সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর জল জমে থাকায় খোলা ড্রেনটি কার্যত বিপজ্জনক ফাঁদে পরিণত হয়েছিল। দ্রুত ড্রেনটি ঢেকে দেওয়া এবং জল জমার সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।




