৩৬৫ দিন। মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য,মিঠুন চক্রবর্তী কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি আছেন। প্রায় দু’বছর আগে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন তাঁর ডান হাতে গুরুতর চোট লাগে। সেই সময় অস্ত্রোপচার করে তাঁর হাতে একটি প্লেট বসানো হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সেই প্লেটটি অপসারণের জন্য তিনি আজ মুম্বই থেকে কলকাতায় এসে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন।এদিন হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ও সংসদ সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, দ্রুত আরোগ্য কামনা করেন এবং বেশ কিছুক্ষণ সময় মিঠুনের সঙ্গে একান্তে কথা বলেন। সূত্র মারফত জানা গিয়েছে, পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. সোমনাথ রায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার কোনো কমপ্লিকেশন নেই। অস্ত্রোপচার সফল ও স্বাভাবিক ভাবেই সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। দ্রুত তাকে ছেড়ে দেওয়া হবে।




