বন্দেভারতের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৩৬৫ দিন। হুগলী। সুমন আদক। বালি স্টেশনে ঢোকার মুখে বন্দেভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে বলে রেল সূত্রে জানা গেছে। মৃতের নাম কালীশঙ্কর চট্টোপাধ্যায় (৪০)। তিনি দক্ষিণেশ্বরের বাসিন্দা। জানা গেছে, আপ হাওড়া-শিলিগুড়ি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের গতিবেগ বুঝতে না পেরে তিনি লাইন পার হতে গেলে মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেললাইন পারাপারের সময় ট্রেনের গতিবেগ বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ মৃতের পরিচয় জানা যায়নি। পরে পরিচয় জানা যায়। বেলুড় জিআরপি ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাওড়া পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে রেল পুলিশ তদন্ত শুরু করেছে।

Scroll to Top