খবর ৩৬৫। নদীয়া। সীমান্তে ফের দুঃসাহসিক বাংলাদেশিদের আক্রমণ। মাঠে চাষের কাজ করার সময় এক ভারতীয় কৃষককে কুপিয়ে ও এলোপাথাড়ি মারধর করার অভিযোগ উঠল ওপার বাংলার একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ১৪৬ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের আওতাধীনভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নাসারী পাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই কৃষকের নাম দিব্যেন বিশ্বাস। প্রতিদিনের মতোই তিনি সীমান্তে ভারতীয় ভূখণ্ডের নিজস্ব জমিতে চাষের কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় সীমান্ত পার করে বাংলাদেশ প্রান্ত থেকে আসা একদল দুষ্কৃতী তাঁর ওপর আচমকা চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর করতে থাকে। জীবন বাঁচাতে কোনোক্রমে বিএসএফ ক্যাম্পের দিকে প্রাণপণে পালিয়ে আসেন দিব্যেনবাবু।রক্তাক্ত ও জখম অবস্থায় তাঁকে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা। বিএসএফ-এর তৎপরতায় তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
সীমান্তের কাছাকাছি এমন আকস্মিক দুষ্কৃতী হামলায় নাসারী পাড়া এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে হোগলবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কৃষক দিব্যেন বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।
সীমান্তে ওপার থেকে ঢুকে দুষ্কৃতী হামলা, বাংলাদেশে আক্রান্ত ভারতীয় কৃষক
- khabar365din
- October 11, 2026
- 4:30 pm
- No Comments



