বিরিয়ানির দোকানের পোস্টারে কেন দুর্গার ছবি! বিজেপির বিক্ষোভে হুলুস্থূল হুগলির হিন্দমোটরে

৩৬৫ দিন। বিরিয়ানির দোকানের পোস্টারে কেন দুর্গার ছবি! হুলুস্থূল বাঁধল হুগলির হিন্দমোটরে। এখান শ্রীরাম গ্র্যান্ড সিটি এলাকায় স্থানীয় একটি বিরিয়ানির দোকানের মালিক বেশ কিছু পোস্টার লাগায়। পোস্টারে দেখা যায় বিরিয়ানির ছবির পাশে দুর্গা প্রতিমার একটি গ্রাফিক্স‌ দেওয়া হয়েছে। এই পোস্টার দেখে শনিবার রাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কিছু বিজেপি নেতা কর্মী। তাদের অভিযোগ, আমিষ‌ বিরিয়ানির পাশে দুর্গার ছবি সনাতনের অপমান। বিরিয়ানির পোস্টারের নীচে দোকানের ফোন নম্বর দেওয়া ছিল সেখানে ফোন করে দোকান মালিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর আসরে নামেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, “বিষয়টি যখনই কানে এসেছে তৎক্ষণাৎ স্থানীয় কর্মীদের জানিয়েছি। মালিককে নিয়ে থানায় যেতে বলেছি। আপনার সন্তান যদি মদের বিজ্ঞাপনে মায়ের ছবি দেন, মেনে নিতে পারবেন? আরও আক্রমণাত্বক প্রতিবাদ করা উচিত ছিল। ধর্মীয় ভাবাবেগ, হিন্দুসমাজের আদর্শকে অপমান করা হয়েছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরাই দেখে নিতাম। পুলিশের তরফে বিরিয়ানির মালিককে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এমন কাজ দ্বিতীয়বার হলে আইনানুগ ব্যবস্থা হবে। বিরিয়ানির দোকানের মালিক থানায় গিয়ে লিখিত ক্ষমা চেয়েছেন, সমস্ত হোর্ডিং সরিয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন।” শেষ পর্যন্ত পুলিশের তরফে বিরিয়ানির দোকানের সব হোর্ডিং সরিয়ে দেওয়া হয়।

Scroll to Top