৩৬৫ দিন। পুজোর মুখেই নবান্ন থেকে মাত্র দেড়শো মিটার দূরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায়। মৃতের নাম অঞ্জন চক্রবর্তী (৩৫), স্থানীয়দের কাছে তিনি ‘ছোটকা’ নামেই পরিচিত ছিলেন। রবিবার সকাল ১১টা নাগাদ স্থানীয় শরৎ চ্যাটার্জি রোডে দুটি বহুতল বাড়ির মাঝের রাস্তা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। শরীরেও রক্তের দাগ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দেহের পাশে একাধিক লোহার পেরেক পড়ে থাকতে দেখা যায়। মাথায় আঘাতের চিহ্ন থাকায় যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



