আজ মোহনবাগান বনাম নর্থ ইস্ট
ম্যাকলারেনকে ছাড়াই আলাদিনদের মোকাবিলায় সবুজ মেরুন

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। শনিবার সাংবাদিক সম্মেলনে ম্যাকলারেন ও আপুইয়া, দু’জনেরই দলের সঙ্গে গুয়াহাটি যাওয়ার কথা জানিয়েছিলেন পানোস। কিন্তু এক দিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। অনুশীলনের সময়ে অস্বস্তি অনুভব করেন ম্যাকলারেন। তাই মরশুমের শুরুতেই তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি কোচ। তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জেমি মোহনবাগান এই দলটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন স্ট্রাইকার। তিনি দলে থাকা আর না থাকার মধ্যে অনেকটা পার্থক্য। তবে আশা করা যায় অস্ট্রেলিয়ান তাড়াতাড়ি ফিট হয়ে যাবেন এবং দ্বিতীয় ম্যাচ থেকেই তাকে পাবে মোহনবাগান। এমনিতে মোহনবাগানের সঙ্গে আছেন বিদেশি স্ট্রাইকার লি আরউইন। এটাই তার প্রথম বছর ভারতীয় ফুটবলে। জেমির অনুপস্থিতিতে তার ওপর দায়িত্ব থাকবে গোল করার। লি এই দায়িত্ব কতটা পালন করতে পারেন উত্তর দেবে সময়। ডুরান্ড কাপে নর্থইস্টের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে জিতেছিল মোহনবাগান। তবে সেই জয়কে বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোচ। তাঁর মতে, ডুরান্ডের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। শিলংয়ে প্রবল বৃষ্টির মধ্যে হওয়া সেই ম্যাচে দুই দলই কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পায়নি।
পানোস বলেছিলেন, ‘আশা করি, এ বার ম্যাচটা সম্পূর্ণ আলাদা হবে। ডুরান্ড কাপে শিলংয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সেই ম্যাচের পরিস্থিতিও আলাদা ছিল। নর্থইস্ট সে বার কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে প্রথম থেকে খেলায়নি। অন্য দিকে, আমরাও জাতীয় দলের ফুটবলারদের পাইনি। তাই আগের ম্যাচের সঙ্গে এবারের তুলনা করা ঠিক হবে না। তবে আমাদের জিততেই হবে।’
প্রতিপক্ষের শক্তি সম্পর্কেও যথেষ্ট সচেতন মোহনবাগান কোচ। নর্থইস্টের কোচ পেদ্রো বেনালির প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, আইএসএলএর শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাঁর দলকে। ফলে ঘরোয়া ফুটবলে পরপর ট্রফি জয়ের আত্মবিশ্বাস থাকলেও নর্থ ইস্টের বিরুদ্ধে সহজ ম্যাচের আশা করছেন না তিনি। নিজেদের ঘরের মাঠে নর্থ ইস্ট বরাবর দুর্দান্ত ফুটবল খেলে। দর্শক সমর্থন থাকে তাদের পক্ষে। আলাদিনের মত স্ট্রাইকার আছে। জীতিন এবং কয়েকজন প্রতিভাবান ভারতীয় ফুটবলার আছে দলটায়। তাই সোমবার আইএসএল অভিযানের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাতে সন্দেহ নেই। সুহেল ভাট আছেন দলের সঙ্গে। প্রয়োজনে এই কাশ্মীরি স্ট্রাইকারকে ব্যবহার করবেন বাগানের গ্রিক কোচ। যেকোনো প্রকারের গুয়াহাটি থেকে তিনটি পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে চায় সবুজ মেরুন।

Scroll to Top