৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী । প্রাক মরশুমে একাধিক প্রতিযোগিতায় খেলেছে মোহনবাগান। ফলে ম্যাচ খেলার অভিজ্ঞতা বেড়েছে ফুটবলারদের, তবে নিয়ম মাফিক শারীরিক প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে গিয়েছে। পানোসের মতে, এবার প্রতিযোগিতার মধ্যেই সেই ঘাটতি পূরণ করে দলকে আরও গতি বাড়াতে হবে। গুয়াহাটিতে উড়ে যাওয়ার আগে শনিবার মহালয়ার দিন যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘আইএসএলে আমাদের খেলায় আরও আগ্রাসন ও তীব্রতা দরকার। প্রাক মরশুমে সেটা পুরোপুরি করতে পারিনি, কারণ তখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এবার ম্যাচ খেলতে খেলতেই এই দু’টি বিষয়ে উন্নতি করতে হবে।’প্রস্তুতি পর্বে তিনটি টুর্নামেন্ট খেলায় দলকে দু’টি আলাদা ফর্মেশনে তৈরি করার সুযোগ পেয়েছেন পানোস। ৩-৪-৩ এবং ৪-২-৩-১ ছকে অনুশীলন করেছেন ফুটবলাররা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার মাঝেই ফর্মেশন বদলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। কোচ বলেন, ‘তিনটি টুর্নামেন্ট খেলায় আমাদের সুবিধা হয়েছে। দু’টি ফর্মেশন নিয়ে কাজ করতে পেরেছি এবং ফুটবলাররাও দু’টির সঙ্গে মানিয়ে নিয়েছে। ফলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা ফর্মেশন বদলাতে পারব। বেশির ভাগ ফুটবলারই খেলার সুযোগ পেয়েছে, সেটাও আমাদের কাজে লাগবে।’তবে টানা ম্যাচ খেলার কারণে প্রাক মরশুমের প্রস্তুতি পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী হয়নি বলেও জানিয়েছেন পানোস। সাধারণত আট সপ্তাহ ধরে ধাপে ধাপে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানো হয়।
এবার সেই সময়টা পাওয়া যায়নি। কয়েক জনের চোটও সমস্যা তৈরি করেছে।আইএসএলের প্রথম ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন পানোস। দলের অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং মাঝমাঠের ফুটবলার আপুইয়া দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। তবে আশিস রাইকে পাওয়া যাবে না। বিপক্ষ দল নর্থইস্ট নিয়ে মোহনবাগান কোচের অভিজ্ঞতা রয়েছে। আলাদিন থেকে শুরু করে জিতিন সঙ্গে বেশ কিছু ভারতীয় ফুটবলার রয়েছে যারা বিপক্ষ দলকে ঝামেলায় ফেলতে পারে। যদিও ইস্টবেঙ্গলের কাছে এই দলটা সাত গোল খেয়েছিল তবুও তাদের ছোট করে দেখতে রাজি নয় মোহনবাগান কোচ। সবচেয়ে বড় ব্যাপার জন আব্রাহামের দল খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে। দর্শক সমর্থন থাকবে তাদের সঙ্গে। এটা ফুটবলে একটা প্রভাব অবশ্যই ফেলে। তবে মোহনবাগান কোচ আশাবাদী তার ছেলেরা নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে তিনটে পয়েন্ট নিয়ে গুয়াহাটি থেকে কলকাতায় ফিরতে পারবে মোহনবাগান। রবিবার প্র্যাকটিস করেই বিমান ধরবে শিল্ড চ্যাম্পিয়নরা। ইন্ডিয়ান সুপার লিগ প্রথম থেকেই নিজেদের দাপটে রাখতে চাই মোহনবাগান সেটা দেখাতে চান গ্রিক কোচ।
ম্যাকলারেনকে নিয়েই গুয়াহাটি যাচ্ছে মোহনবাগান, দলের গতি বাড়াতে চান পানোস
- khabar365din
- October 10, 2026
- 3:26 pm
- No Comments




